বাগেরহাটে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮

বাগেরহাট সদর উপজেলার মান্দ্রা কালিপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ইদ্রিস শেখ (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মান্দ্রা কালিপুর এলাকার একটি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে বিরোধের জেরে উভয় পক্ষের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস শেখ মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।
বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত ও আটজন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি শান্ত রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।
ভোরের আকাশ/ র.ই