গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

নাটোরের গুরুদাসপুরে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ককটেল নিক্ষেপ করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা।
চাপিলা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নয়ন ইসলাম বলেন, চাপিলা ইউনিয়ন বিএনপি'র কার্যালয়টি তার বাড়ির অদূরে ১৪ মাথা এলাকায় অবস্থিত। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে কার্যালয়টিতে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে।
তার ভাষ্যমতে, নাশকতার উদ্দেশ্যে সপ্তাহখানেক আগেও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা গভীর রাতে মশাল মিছিল বের করে। সেসব নেতা কর্মীরাই বিএনপির কার্যালয়ে ককটেল নিক্ষেপ করেছেন।
স্থানীয় লোকজন বলেন, বিস্ফোরণের আওয়াজে আশপাশের লোকজনের ঘুম ভেঙ্গে যায়। ঘর থেকে বেরিয়ে বিএনপি'র কার্যালয়ের সামনে আগুন জ্বলতে দেখেন। এতে মুহূর্তেই চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কোনো হতাহত হয়নি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কারা কি উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে তা উদঘাটনে পুলিশ কাজ করছে। তবে এই ঘটনা এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।
ভোরের আকাশ/রই