নীলফামারীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের র্যালি ও সমাবেশ

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ নীলফামারী জেলা শাখার উদ্যোগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় জেলা জামায়াত কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার ট্রাফিক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুব বিভাগের সভাপতি কাজী আব্দুল মালেকের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি আহমাদ রায়হান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।
প্রধান অতিথির বক্তব্যে আলফারুক আব্দুল লতীফ বলেন, যুবসমাজই দেশের ভবিষ্যৎ। তবে মাদকের কারণে অনেক তরুণ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে মাদক চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি বলেন, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক চোরাচালান বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর নজরদারি করতে হবে। পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে গ্রাম থেকে শহর পর্যন্ত ব্যাপক সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও মাদকবিরোধী কার্যক্রমে এগিয়ে আসতে হবে। তরুণদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তাদের দূরে রাখা সম্ভব।
সমাবেশে যুবসমাজের উন্নয়ন, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও তরুণদের দেশগঠনের কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ভোরের আকাশ/জেআ