বড়ঘোপ জেটিঘাটে সাগরে লাফ দিয়ে নিখোঁজ এক যুবক

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ জেটিঘাটে নির্মাণাধীন সী-ট্রাক পল্টুন থেকে সাগরে লাফ দিয়ে মহিউদ্দিন (৩২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ মহিউদ্দিন উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের পূর্ব তাবালেরচর গ্রামের মৃত নুরুল আলমের ছেলে। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় মহিউদ্দিন বড়ঘোপ জেটিঘাটের নির্মাণাধীন সী-ট্রাক পল্টুনে ঘোরাঘুরি করছিলেন। একপর্যায়ে হঠাৎ তিনি সাগরে লাফ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশে থাকা নির্মাণশ্রমিকরা নৌকার সাহায্যে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তাকে তীরে তুলে আনা সম্ভব হয়নি। পরে জোয়ারের স্রোতে তিনি ভেসে যান।
স্থানীয়রা জানান, মহিউদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। ঘটনার আগে তিনি নির্মাণাধীন পল্টুনে কিছুক্ষণ অবস্থান করছিলেন। পরে হঠাৎ সাগরে লাফ দেন।
নিখোঁজ মহিউদ্দিনের শ্বশুরবাড়ি কৈয়ারবিল ইউনিয়নে। তবে দীর্ঘদিন ধরে তিনি স্ত্রী ও পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন ছিলেন বলে জানিয়েছেন তাবালেরচর ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহাব উদ্দিন।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধারে চেষ্টা চালালেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে স্থানীয়ভাবে তৎপরতা অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/জেআ