ঈশ্বরগঞ্জে ধানের শীষের জনসভায় মানুষের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। এরই ধারাবাহিকতায় বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষে আয়োজিত জনসভাগুলোতে উপচে পড়া মানুষের উপস্থিতি ঈশ্বরগঞ্জজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার সোহাগী, সরিষা ও আঠারবাড়ি ইউনিয়নে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী জনসভাগুলো হাজার হাজার নারী-পুরুষ ভোটারের অংশগ্রহণে রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন গ্রাম থেকে মিছিল নিয়ে দলে দলে মানুষ জনসভায় যোগ দেন। এ সময় সাধারণ ভোটারদের পাশাপাশি উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
জনসভাগুলোতে বক্তব্যকালে উপজেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, “আপনাদের মূল্যবান ভোটে যদি আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেন, তাহলে ঈশ্বরগঞ্জের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন হবে আমার প্রথম অঙ্গীকার। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বসিত অংশগ্রহণে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, ধানের শীষের পক্ষে এই জনসমর্থন আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।
ভোরের আকাশ/ র.ই