টাঙ্গাইলে স্কুল টিউবয়েলের পানি খেয়ে হাসপাতালে ৩১ জন শিক্ষার্থী

টাঙ্গাইলে নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের মামুদনগর উচ্চ বিদ্যালয়ের টিউবয়েলের পানি পান করে বিষক্রিয়ায় ৩১ স্কুলশিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে কমপক্ষে ৩১ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছে। এরমধ্যে ভর্তি রয়েছে ২৯ জন শিক্ষার্থী। গুরুতর অসুস্থ হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য ২ জন কে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং ৫ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে বিশ্রামে থাকতে বলেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় নাগরপুর উপজেলার মাহমুদ নগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে।
শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, আজ সকালে কে বা কাহারা বিদ্যালয়ের নলকূপে কৃষি জমিতে ব্যবহারকৃত তরল কীটনাশক প্রয়োগের ফলে এমন ঘটেছে। দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের কঠিন শাস্তির আওতায় আনতে দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, সকাল সোয়া ১০টার পর যখন শিক্ষার্থীরা ক্লাসে যাচ্ছিল, ঠিক ওই সময়ে অনেকেই বমি করতে থাকে। পরে ৩২ জনকে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি।
তিনি বলেন, টিউবওয়েলের পাশ থেকে পলিথিনে ভরা সাদা পেস্টের মতো ক্রীম উদ্ধার করা হয়েছে। আমার ব্যক্তিগত ধারণা, এই পেস্ট টিউবওয়েলের পানির মধ্যে মেশানোর কারণে বিষক্রিয়া হয়েছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, আমরা স্কুল পরিদর্শন করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তারা অনেকটাই সুস্থ।
ভোরের আকাশ/ র.ই