মাধবপুরে পুলিশের ওপর হামলা: যুবকের এক বছরের কারাদণ্ড

হবিগঞ্জের মাধবপুরে পরিবারের সদস্যদের মারধরের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে পুলিশের এক কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ কর্মকর্তা ও পরিবারের সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ছাতিয়াইন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম ইসমাইল মিয়া (২৭)। তিনি ছাতিয়াইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মলাই মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইসমাইল মিয়া নিজ পরিবারের সদস্যদের মারধর করছিলেন। এমন খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া ঘটনাস্থলে যাচ্ছিলেন। তিনি ছাতিয়াইন বাজার এলাকায় পৌঁছালে ইসমাইল আচমকা তাঁর ওপর হামলা চালান। এতে বিদ্যুৎ কুমার বড়ুয়াসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে ইসমাইলের বাবা মলাই মিয়া, সিদ্দিক মিয়া, আসীম ও তুষারের নাম জানা গেছে। পরে উপস্থিত স্থানীয় জনতা ইসমাইলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
খবর পেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ঘটনাস্থলে ছুটে যান। এরপর সেখানে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ইসমাইল মিয়াকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ইসমাইল তাঁর মা-বাবাকে মারধর করছিলেন।
খবর পেয়ে পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া সেখানে পরিস্থিতি সামাল দিতে গেলে তিনিও হামলার শিকার ও আহত হন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিয়ে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/আ.র