চাঁদপুরে বাসচাপায় অটোরিকশাযাত্রী নিহত, আহত ৪

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জৈনপুর পরিবহনের একটি বাসের ধাক্কায় সাদিয়া আক্তার (২৩) নামের এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের নাগদা বড় বাড়ির সামনে মতলব-নারায়ণপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আক্তার খাদেরগাঁও ইউনিয়নের গিলাতলী গাজী বাড়ির প্রবাসী ইসমাইল হোসেন গাজীর স্ত্রী। তার তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। আহতরা হলেন- অটোরিকশাচালক মো. ফারুক (৪২) এবং যাত্রী মো. জিলানী (৩২), হোসনে আরা (৪৫) ও পারভীন বেগম (৩৭)। তারা সবাই গিলাতলী গ্রামের বাসিন্দা এবং একে অপরের আত্মীয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর সাদিয়া আক্তারসহ চার যাত্রী একটি অটোরিকশায় করে নাগদা গ্রামের এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। নাগদা বড় বাড়ির সামনে অটোরিকশাটি থামানো অবস্থায় চাঁদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জৈনপুর পরিবহনের একটি বাস পেছন থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে চালক ও যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন।
আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পারভীন বেগম, হোসনে আরা ও জিলানীর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন সড়কে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ রাখলেও পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসপাতালে নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, দুর্ঘটনার পর জৈনপুর পরিবহনের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে বাস ও দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ভোরের আকাশ/ইউএম