দিনাজপুরে মানবিক সেবায় ডা. জাহিদ হোসেন

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মহতি উদ্যোগে প্রায় ১ হাজার শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
গত শনিবার (১৭ জানুয়ারী) দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করা হয়। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে কয়েক জন চিকিৎসক শীত জনিত রোগে আক্রান্ত রোগীদের ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করেন। এই ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান কার্যক্রম চলাকালে, আগত সকল রোগীদেরকে চিকিৎসা প্রদান করা হয়েছে। হাকিমপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন একজন মানবিক দেশবরেণ্য উচ্চ মেধাসম্পন্ন চিকিৎসক এবং চিকিৎসা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি এ এলাকার মানুষ হিসেবে শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের দুরবস্থা দেখে, এ ধরনের মানবিক সেবায় এগিয়ে এসেছেন। তিনি আরো বলেন, ডা. জাহিদ হোসেন গত ১৫ দিনে দিনাজপুর-৬ আসনের ৪টি উপজেলা বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাটে গ্রাম-গঞ্জে গিয়ে গিয়ে শীতজনিত রোগে আক্রান্ত মানুষের দুরবস্থা স্বচক্ষে দেখেছেন। এই অঞ্চলের সুবিধাবঞ্চিত অসহায় পরিবারের বৃদ্ধ-বৃদ্ধা ও শিশুরা শীতজনিত রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় এবং ঔষধের অভাবে দুর্ভোগ পোয়াচ্ছেন। এ দুরবস্থায় মহাপ্রাণ এই চিকিৎসাবিদকে মানবিকতার দূত হিসেবে পেয়েছেন এ অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষ। তিনি এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান কার্যক্রম শুরু করেন। এই চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে শিশু, নারী ও বয়স্কসহ সব শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ পাচ্ছেন।
ঘোড়াঘাট উপজেলা বিএনপি’র সভাপতি এসএম শামীম হোসেন চৌধুরী বলেন, বর্তমান সময়ে স্বাস্থ্যঝুঁকি ও আর্থিক সংকটের মধ্যে এ ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি বড় ধরনের অবলম্বন হয়ে দাঁড়িয়েছে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান। বিরামপুর উপজেলার কল্যাণপুর গ্রামের মোজাফফর হোসেন বলেন, প্রান্তিক এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান এবং সচেতনতা মূলক পরামর্শ প্রদান করা হচ্ছে— যা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য একটি বড় পাওয়া।প্রফেসর ডা.জাহিদ হোসেন মানুষের অন্যতম মৌলিক চাহিদা সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই চিকিৎসা সেবা এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সেবার মাধ্যমে মানবতার আত্মপ্রকাশ ঘটানো যায়। আমি আমার এলাকার জনসাধারণের এই তীব্র শীতে শীতজনিত রোগীদের একটু চিকিৎসা সেবার মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। তিনি বলেন, সুস্বাস্থ্যের অধিকারী মানুষ দেশের সম্পদ। সুস্থ মানুষই পারে একটি শক্তিশালী সমাজ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে। এই মহতী উদ্যোগে তার সঙ্গে থাকা সকল চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের প্রতি তিনি কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি জানান, আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম এই এলাকার জনমানুষের জন্য অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
ভোরের আকাশ/র.ই