আধুনিক বাসটার্মিনাল মেগা ড্রেনেজ ও সড়ক প্রকল্প আধুনিক রূপ পাচ্ছে সৈয়দপুর পৌরসভা

উত্তরবঙ্গের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক শহর সৈয়দপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থ বছরের নতুন বাজেট বিবরণী ঘোষণা করেছে পৌর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ঘোষিত বাজেটে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) ও সৈয়দপুর পৌরসভার প্রশাসক ফারাহ্ ফাতেমা তাকলিমা লিখিত বক্তব্য এ জানান, এবারের বাজেটে নাগরিক সেবার মান বাড়ানো, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, সড়ক বাতি স্থাপন এবং আধুনিক অবকাঠামো নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বাজেটের মূল আকর্ষণ ও বিশেষ উন্নয়ন প্রকল্পসহ মেগা রোড ও ড্রেন উন্নয়ন: RUDTP প্রকল্পের আওতায় শহরজুড়ে রাস্তা, টেকসই ড্রেনেজ ব্যবস্থা ও আধুনিক সড়ক বাতি স্থাপনে ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
আধুনিক কিচেন ও সুপার মার্কেট: পৌর এলাকার নতুন সমন্বিত সুপার মার্কেটের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও কিচেন মার্কেট নির্মাণে ৩ কোটি টাকা ব্যয় করা হবে।
সৈয়দপুরে আধুনিক নতুন বাস টার্মিনাল: যাত্রীসেবা ও যানজট নিরসনে বিশ্বমানের কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে ২ কোটি টাকা।
পরিচ্ছন্নতা ও সবুজায়ন: পৌর এলাকাকে তিলোত্তমা রূপ দিতে হাট-বাজার উন্নয়ন, জমিক্রয়, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ ও সৌন্দর্য বর্ধনে রাখা হয়েছে আরও ২.৬০ কোটি টাকা।
এ ছাড়া স্বাস্থ্যসেবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা, শিক্ষা সংস্থান এবং পরিবেশ রক্ষায় সোলার লাইট বসানোর জন্যও মোটা অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়েছে।
পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, জনগণের টেকসই উন্নয়ন ও সেবার কথা মাথায় রেখেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটটি পূর্ণাঙ্গ বাস্তবায়িত হলে সৈয়দপুরের সার্বিক রূপরেখা ইতিবাচকভাবে পাল্টে যাবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা। বিএনপি, জামায়াতসহ সক্রিয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্হানীয় সংবাদকর্মীরা, এবং বিশিষ্টজনেরা।
ভোরের আকাশ/আ.র