চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৮, মাদকবিরোধী অভিযানে ১৭৯

চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ও নিয়মিত আইনশৃঙ্খলা কার্যক্রমের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ৭৮ জন এবং আগের মামলার আসামি হিসেবে ১১০ জন রয়েছেন। এছাড়া পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৪ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১২ জন এবং কার্যবিধির ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের মাধ্যমে ৯৬ জন এবং সাজা পরোয়ানার ভিত্তিতে আরও ১৮ জনকে আটক করা হয়েছে।
মাদকবিরোধী কার্যক্রমে আলাদাভাবে ১৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে মাদক পরিবহনের অভিযোগে ২ জন এবং মাদক সেবনের অভিযোগে ১৩৭ জন রয়েছেন।
অন্যদিকে নিয়মিত ও অন্যান্য মামলার কার্যক্রমের মাধ্যমে আরও ৪০ জনকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ফলে চট্টগ্রাম রেঞ্জে পরিচালিত মাদকবিরোধী অভিযানে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে।
অভিযানের অংশ হিসেবে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে বিভিন্ন ব্যক্তিকে মোট ১৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে মোট ২৮টি মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/আ.র