জামালপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর এলাকায় অবস্থিত ড. হানিফ উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো “কৃষক মাঠ দিবস ২০২৬”।
গ্রিন বিজনেস মডেলের আওতায় ভুট্টার সাথে আন্তঃফসল চাষ প্রদর্শনীকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় কৃষক-কৃষাণীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। “জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড” প্রকল্পের অধীনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং উন্নয়ন সংঘের যৌথ উদ্যোগে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উৎপাদন দলের সদস্যরা সরাসরি মাঠে আন্তঃফসল চাষের কার্যকর পদ্ধতি প্রদর্শন করেন এবং কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেন।
অনুষ্ঠানে বক্তারা জানান, একই জমিতে একাধিক ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকরা সহজেই তাদের আয় বৃদ্ধি করতে পারেন। বিশেষ করে ভুট্টা, যা প্রায় তিন মাস মেয়াদী ফসল, তার সাথে স্বল্পমেয়াদী ৪৫ দিনের ফসল যেমন মটরশুটি বা বিভিন্ন শাকসবজি চাষ করা সম্ভব। এতে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক লাভও বৃদ্ধি পায়।
বক্তারা আরও বলেন, এই পদ্ধতির মাধ্যমে কৃষকরা এক ফসলের পাশাপাশি আরেকটি ফসল উৎপাদন করতে সক্ষম হন, ফলে তাদের ঝুঁকি কমে এবং লাভের পরিমাণ বাড়ে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামগ্রিক উন্নয়নে কৃষকদের এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কেরামত উল্ল্যাহ উজ্জ্বল, কৃষি কর্মকর্তা মো. হোসাইন আহমেদ, মো. নূর ইসরাফিল এবং জেসমিন নাহার।
এছাড়াও উপস্থিত ছিলেন ডেমো কৃষক জাফর আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেহেলী আক্তার, স্থানীয় কৃষক-কৃষাণী, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটরবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শ্যামল কুমার দাস।
কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
ভোরের আকাশ/ র.ই