বাসাইলে গাঁজাসহ যুবককে আটক

টাঙ্গাইলের বাসাইলে গাঁজাসহ রুবেল খান (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত রুবেল খান বাসাইল পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার মৃত রবি খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বাসাইল পৌরসভার ব্যাপারিপাড়া এলাকা থেকে গাঁজাসহ রুবেলকে আটক করা হয়। পরে রাতেই বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অপরাধ স্বীকার করায় তাকে ১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাকে কারাগারে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ ধরনের আইনি পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ইউএম