অনুপ্রবেশকারী দুই বাংলাদেশি নারীকে ফেরত দিল বিএসএফ

ভারতের ভেতরে অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশি নারীকে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তের মুহুরি ঘাট ইমিগ্রেশন ও শুল্ক স্টেশনে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা নারীরা হলেন—খুলনার হরিংডাঙ্গা উপজেলার ভাদুরী গ্রামের আব্দুল হাকিমের মেয়ে হোসনে আরা খাতুন (২৬) এবং মুন্সীগঞ্জের শ্রীনগর থানার বিক্রমপুর গ্রামের মৃত হাসিম হাওলাদারের মেয়ে মাকসুদা বেগম (৩৪)।
বিজিবি জানায়, হস্তান্তরের সময় মজুমদারহাট ক্যাম্পের সুবেদার মো. শাহজাহান ও বিএসএফের বিলোনিয়া ক্যাম্পের ওসি শেখ রাকুল কুমারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে দুই নারী বিজিবির হেফাজতে রয়েছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হবে।
বিজিবির সুবেদার মো. শাহজাহান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ভোরের আকাশ/হ.র