ইতালিতে ছুরিকাঘাতে খুন হলেন একই পরিবারের তিন বাংলাদেশি

ইতালির রাজধানী রোমের অদূরে ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৮টার দিকে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের ৫ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন। তাকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত কামাল উদ্দিন বাবুলের আত্মীয় আফনান হোসেন নাইম জানান, স্থানীয় সময় রাত ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ করে। এ সময় তারা বাবুল, তার স্ত্রী ও শিশু কন্যাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ঘটনার সময় বাবুলের ছেলে অয়ন বাইরে থেকে ঘরে ফিরছিলেন। ফ্ল্যাটে প্রবেশের সময় বিষয়টি তার নজরে এলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে পালিয়ে যায়। অয়নের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল, তার স্ত্রী ও কন্যাকে মৃত ঘোষণা করেন। অয়ন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় কোম্পানীগঞ্জের চরকাঁকড়া গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন এবং নিহতের গ্রামের বাড়িতে খোঁজ নিতে পুলিশ পাঠাবেন।
ভোরের আকাশ/ইউএম