মাদারীপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

মাদারীপুরে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আল-নোমান।
আল নোমান বলেন, “গ্রাম আদালতকে সক্রিয় করতে প্রশাসন, জনগণ, সাংবাদিক ও স্থানীয় সরকার সবার অংশগ্রহণ জরুরি। সমন্বিত উদ্যোগ নিলে গ্রামীণ বিরোধ কমবে এবং বিচারপ্রাপ্তি সহজ হবে।” কর্মশালার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়।
ডিস্ট্রিক্ট ম্যানেজার আলিউর হাসানাত খানের সঞ্চালনায় কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত হলো গ্রামীণ জনগণের নিকটতম বিচার ব্যবস্থা, যেখানে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ, স্বল্পব্যয়ে এবং হয়রানিমুক্তভাবে নিষ্পত্তি করা সম্ভব। এ জন্য জনগণকে সচেতন করা ও ইউনিয়ন পরিষদকে আরও সক্ষম করে তোলা অত্যন্ত প্রয়োজন।
কর্মশালায় গ্রাম আদালত সক্রিয়করণ, জনসম্পৃক্ততা বৃদ্ধি, সেবা গ্রহণ পদ্ধতি, মামলা নিষ্পত্তির গতি বাড়ানো এবং দরিদ্র জনগোষ্ঠীর ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
কর্মশালায় সহকারী কমিশনার (ম্যাজিষ্ট্রেট) কঙ্কনা প্রভা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম, সহকারী তথ্য কর্মকর্তা বেনজীর আহমেদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি খান মোঃ শহীদ, ডাসার উপজেলা কো-অর্ডিনেটর মোঃ নাসিরউদ্দিন লিটন হাওলাদারসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ