ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনুমোদনবিহীনভাবে মজুত করা ১০ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
সদর উপজেলা প্রশাসন ও র্যাব-৯ যৌথভাবে মঙ্গলবার (৭ এপ্রিল) জেলা শহরের গোকর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করেন। অভিযুক্ত ৩ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোকর্ণ এলাকায় কিছু দোকানে অনুমোদনহীনভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে; এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচলানা করা হয়।
এ সময় খোলা জ্বালানি তেল বিক্রির ৩টি দোকান থেকে প্রায় ১০ হাজার লিটার ডিজেল ও ১০০ লিটার অকটেন জব্দ করা হয়। অবৈধভাবে মজুত এবং সংকট তৈরি করে বাড়তি দামে জ্বালানি তেল বিক্রি করায় ওই তিন দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন ভোরের আকাশকে বলেন, 'র্যাবের মাধ্যমে জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কিছু দোকানে অবৈধ মজুতের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তাদের জ্বালানি তেল বিক্রির অনুমোদনও নেই। এজন্য তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'
র্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী জানান, মুদি দোকান, গ্যারেজ এবং শ্রমিকদের আবাসস্থলে অসাধু ব্যবসায়ী কর্তৃক জ্বালানি তেল মজুত করার খবর পায় র্যাব। এর প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অবৈধ মজুত ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/ র.ই