কলাপাড়ায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা

কলাপাড়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছে মোয়াজ্জেমপুর সালেহীয়া আলিম মাদ্রাসা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোয়াজ্জেমপুর সালেহীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার জনাব মনিরুজ্জামান খান, উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রধানগণ, মোয়াজ্জেমপুর সালেহীয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন এবং পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা।
উল্লেখ্য, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কালাম আজাদ দীর্ঘ ৪২ বছরের সাফল্যমণ্ডিত চাকরি জীবন সম্পন্ন করেছেন। তাঁর এই দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি উপলক্ষে অনুষ্ঠানে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষা বিস্তারে অধ্যক্ষ আবুল কালাম আজাদের অবদানের কথা স্মরণ করে তাঁর কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও তাঁর দিকনির্দেশনা শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভোরের আকাশ/ র.ই