ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু, আহত নাতনি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ ইউনুছ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর তিন বছর বয়সী নাতনি সিনহা আহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউনুছ আলী ওই গ্রামের মৃত ছপরুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বসতবাড়ির পেছনের একটি খালে মাছ ধরার জন্য সেচপাম্প দিয়ে পানি নিষ্কাশন করছিলেন ইউনুছ আলী। এ সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তার তাঁর পায়ে জড়িয়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হন।
দাদাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে পাশে থাকা তিন বছর বয়সী নাতনি সিনহাও আহত হয়।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই ইউনুছ আলীর মৃত্যু হয়।
কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভোরের আকাশ/জেআ