ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে আলোচনা সভা ও অনুদান বিতরণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে ফরিদপুর সদর উপজেলায় পূজামণ্ডপগুলোর প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১২অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া।
এ বছর ফরিদপুর সদর উপজেলায় ১৯৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপের জন্য সরকারিভাবে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে চালের বরাদ্দপত্র (ডিও) তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা সহ-সভাপতি ডাক্তার প্রকাশ স্বরূপ রায় অপু।
ফরিদপুর পৌরসভা পূজা উদযাপন পরিষদের সম্পাদক শ্যামল কর্মকার,পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক বিপ্লব কুমার সাহা ও সম্পাদক অসিত কুমার নাথ চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিন মন্ডল এ সময় বিএনপি ও তার অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক দল গঠন করতে হবে। মন্দিরের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করতে হবে। বক্তারা এ বছর জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ভোরের আকাশ/ এনউব