গফরগাঁওয়ে বাকপ্রতিবন্ধীকে পিটিয়ে হত্যা,ছাত্রদল নেতাসহ গ্রেফতার-৩

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী ভ্যান চালক আলম মিয়া (৩০) কে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গফরগাঁও ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক ইমরান হোসেন আইকন, ইউপি সদস্য মো. আব্দুল কাদের লিটন ও মাজাহারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার প্রত্যেকেই একই এলাকার বাসিন্দা।
গত বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাতে দেড়টায় গফরগাঁও থানার পড়শীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম মিয়া ওই এলাকার সহরুদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জমির সীমানা বিরোধকে কেন্দ্র করে আমান মিয়ার সঙ্গে সহরুদ্দিনের ঝগড়ার সৃষ্টি হয়। বিবাধের একপর্যায়ে সহরুদ্দিনের ছেলে বাক প্রতিবন্ধী আলম মিয়া আমান মিয়ার মা আছিয়া বেগমকে মারধর করেন।
এ ঘটনার জেরে আমান মিয়া ছাত্রদল নেতা ইমরান হোসেন আইকন, ইউপি সদস্য মো. আব্দুল কাদের লিটন ও মাজাহারুল ইসলামের সহযোগিতায় বাক প্রতিবন্ধী আলম মিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়।পরে তাদের বাড়ির একটি কক্ষে আটকে রেখে বেদম মারধর করেন। এতে প্রতিবন্ধী আলম মিয়া ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ওই দিন দিবাগত রাত দেড়টায় আলম মিয়ার মরদেহ উদ্ধার করে।
গফরগাঁও থানা ওসি আ স ম আতিকুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে থানা অভিযোগ দায়ের করেছে।
ভোরের আকাশ/এনউব