বগুড়ার নীলসাগর বিলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে শহরের খান্দার নীলসাগর বিল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
জাতীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় নীলসাগর বিল এলাকায় বকুল, সোনালু, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও জারুলসহ বিভিন্ন সৌন্দর্যবর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, “প্রতিটি মানুষ যদি নিজ বাড়ির সামনে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ. এস. মাফতুন আহম্মেদ খান রুবেলসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভোরের আকাশ/ র.ই