পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের ৬ সদস্য আটক

পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা দূর-দূরান্তের অসহায় ও সাধারণ রোগীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়া একটি সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে পরিচালিত এ অভিযানে ৫ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. হাবিল মণ্ডল (৬৫), মো. বিপুল (৪২), জুয়েল হোসেন (৩২), সুজন আলী (৪২) এবং ওয়ারেস (৪০); যাদের সকলের বাড়ি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকায়।
এছাড়া চক্রের অপর সদস্য মো. হাফিজুর রহমান মাহফুজকে (৪০) আটক করে তার বিরুদ্ধে পাবনা সদর থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আভিযানিক দল জানায়, পাবনা মানসিক হাসপাতালে দেশের দূর-দূরান্ত থেকে অসহায় ও মানসিক রোগীরা চিকিৎসা নিতে আসেন। অথচ একটি চক্র দীর্ঘদিন ধরে এই সরল রোগী ও তার স্বজনদের নানাভাবে বিভ্রান্ত, হয়রানি ও প্রতারণা করে আসছিলো। বিষয়টি নিয়ে এনএসআই এর একটি টিম বেশ কিছুদিন ধরে গোপন অনুসন্ধান চালায় এবং দালালদের অপতৎপরতা নিশ্চিত করে। পরবর্তীতে জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলে এই অভিযান পরিচালিত হয়।
এব্যাপারে অভিযানে নেতৃত্ব দেয়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম বলেন, ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে দালাল চক্রের এসব সদস্যদের আটক করা হয়। পরে তাদের মধ্যকার ৫ জন অবৈধ এ দালালি কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
আর অন্য আরেকজন স্বীকারোক্তি না দিলেও দলালি কার্যক্রমে সম্পৃক্ত ছিলো বলে প্রমাণ থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সদর থানা হেফাজতে দেয়া হয়েছে।
ভোরের আকাশ/রই