সিংগাইরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের সিংগাইরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটার মালিককে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) উপজেলার বায়রা ও বলধারা ইউনিয়নে পৃথক অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার পপি।
অভিযানে মেসার্স আউয়াল ব্রিকস-১ ও মেসার্স আউয়াল ব্রিকস-৩ নামের দুটি ইটভাটার মালিককে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে ইটভাটা দুটিতে বিভিন্ন অনিয়ম ও আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে ইট প্রস্তুতের জন্য মাটি সংগ্রহের প্রয়োজনীয় অনুমোদন না থাকা, ইটের নির্ধারিত মাপের সঙ্গে গরমিল এবং পরিবেশগত ছাড়পত্র না থাকার বিষয়গুলো উল্লেখযোগ্য।
এসব অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠান দুটির মালিককে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি বলেন, ইটভাটায় আইন ও বিধিবিধান লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
ভোরের আকাশ/সু.পা