নারায়ণগঞ্জে কমিউনিস্ট পার্টির মানববন্ধন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল ও তা জনসম্মুখে প্রকাশের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে কমিউনিস্ট পার্টি।
সোমবার (৩০ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশের স্বার্থবিরোধী ও অসম চুক্তি সম্পাদন করা হয়েছে।
তারা বলেন, নির্বাচনের আগে তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করা হয়, যার ফলে জ্বালানি তেল ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর নির্ভর করতে হচ্ছে।
বক্তারা আরও বলেন, এ ধরনের চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর এবং এটি একটি ‘গোলামির চুক্তি’। তাই অবিলম্বে এ চুক্তি বাতিল এবং জনসম্মুখে প্রকাশের দাবি জানান তারা।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম বলেন, জনগণের স্বার্থ রক্ষায় চুক্তির বিস্তারিত প্রকাশ করা জরুরি। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেসব ব্যক্তি এ ধরনের চুক্তির সঙ্গে জড়িত ছিলেন, তাদের আইনের আওতায় এনে বিচার করারও দাবি জানান তিনি।
এসময় আরও বক্তব্য দেন মহানগর কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা।
ভোরের আকাশ/ র.ই