সুন্দরবন অভয়ারণ্যে মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, গুরুতর আহত ১

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মোজাফফার কোম্পানির নির্দেশে ২০-২৫ জনের একদল সশস্ত্র ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালিয়ে মনি নামের একজনকে গুরুতর আহত করেছে।
স্থানীয়দের ভাষ্য মতে, রোববার সকাল ৮ টার দিকে কয়রার রেজাউল মোড় এলাকায় চায়ের দোকানের সামনে বসে থাকা অবস্থায় পেছন দিক থেকে মনির উপর অতকিত হামলা চালানো হয়।
অভিযোগ উঠেছে, মোজাফফার কোম্পানির লোকজন লোহার রড, হাতুড়ি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায়। মারধরের পর আহত অবস্থায় তাকে ঘটনাস্থলেই ফেলে রেখে যায় হামলাকারীরা।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত মনিকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি খুলনা মেডিকেলের সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শেখ মনি জানান, গত ২৯ জুলাই মোজাফফর বাহিনীর বিরুদ্ধে আলাউদ্দিন মাঝি ফরেস্ট অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করে, আমি তার সাথে গিয়েছিলাম। এই আমার অপরাধ। এই কারনে ওরা আমাকে মেরেছে।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত মোজাফফার কোম্পানি পূর্বে আওয়ামী লীগের সাথে জড়িত ছিল এবং তার প্রভাব খাটিয়েই অভয়ারণ্য এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছে।
সুন্দরবন অভয়ারণ্য এলাকায় সরকারি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অবৈধভাবে মাছ ধরাকে কেন্দ্র করে প্রায়ই এমন সংঘর্ষের ঘটনা ঘটছে। এবারের হামলার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্কে রয়েছেন স্থানীয় জেলে ও বনজীবীরা।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
ভোরের আকাশ/রই