ভূরুঙ্গামারীতে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বামনের কুঠি গ্রামের সাইফুর রহমানের ছেলে নুর নবী (৩৫)-এর বসতবাড়িতে মজুদ করে রাখা নিষিদ্ধ জালগুলো জব্দ করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় নুর নবী বাড়িতে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তার বাড়ি থেকে মোট ৪২টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়েছে। জব্দকৃত জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৩ হাজার মিটার (৩ কিলোমিটার) বলে জানিয়েছে পুলিশ।
আইনানুগ প্রক্রিয়া শেষে জব্দ করা এসব নিষিদ্ধ জাল ধ্বংস করা হবে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “চায়না দুয়ারি বা ম্যাজিক জাল মাছ ধরার জন্য ব্যবহৃত অত্যন্ত ক্ষতিকর একটি ফাঁদ। এ জালে একবার ছোট-বড় যেকোনো মাছ বা জলজ প্রাণী আটকা পড়লে বের হতে পারে না। ফলে দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।”
তিনি আরও বলেন, “দেশীয় মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বাংলাদেশে এ ধরনের জালের উৎপাদন, আমদানি, বিক্রি, মজুদ ও ব্যবহার আইনত দণ্ডনীয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী চায়না দুয়ারি জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ভোরের আকাশ/র.ই