নাজিরপুরে দুই নারী মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুরের নাজিরপুরে সেনা ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথবাহিনীর বিশেষ অভিযানে দুই কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত নাসিমা বেগম (৫৫) ও শেফালী বেগম (৪০) সক্রিয় রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নাজিরপুর আর্মি ক্যাম্প হতে ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাতে লে. ইয়ামিন (সংযুক্ত ২২ ইঞ্জিনিয়ার্স)-এর নেতৃত্বে একটি আকস্মিক যৌথ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে পেনাখালী বাজার সংলগ্ন আনছার আলী হাওলাদারের বাড়ী থেকে তার স্ত্রী নাসিমা বেগম (৫৫) এবং একই এলাকার মোঃ কামরুল হাওলাদারের স্ত্রী শেফালী বেগমকে (৪০) আটক করা হয়।
পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে নাসিমা বেগমের কাছ থেকে ১৭২ পিস ইয়াবা এবং শেফালী বেগমের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযানে মোট ২৯৬ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও মাদক সেবনের সরঞ্জামসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/আ.র