জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খেজুরগাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পাশে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ভোরে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে সন্তোষপুর ইকো পার্কের পাশে সড়কের পাশের খাদে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। মরদেহের পাশে নীল রঙের একটি আরটিআর মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে ছিল। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল সড়কের পাশের একটি খেজুরগাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের বাবা ইলিয়াস হোসেন বলেন, ‘আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করত। গতকাল রাত ৮টার দিকে সন্তোষপুর পাম্পে মোটরসাইকেলে তেল নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। সারা রাত তার মোবাইল নম্বরে ফোন দিয়েছি, কিন্তু সে ফোন রিসিভ করেনি। পরে আজ ভোরে খবর পাই, সে দুর্ঘটনার শিকার হয়েছে। ঘটনাস্থলে এসে দেখি, আমার ছেলে আর বেঁচে নেই।’
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, সন্তোষপুর ইকো পার্কের কাছে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/ইউএম