তিস্তা নদী থেকে পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিস্তা ব্যারেজের উজানে উপজেলার খগাখড়িবাড়ি ও টেপাখড়িবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে নদী থেকে পাথর উত্তোলনে ব্যবহৃত ১৩টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয় এবং বিপুল পরিমাণ যন্ত্রাংশ জব্দ করা হয়।
এই অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। এতে সহযোগিতা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ২৬ সদস্য এবং পুলিশের একটি বিশেষায়িত দল।
স্থানীয়দের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিস্তা নদীর বিভিন্ন স্থানে অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছিল স্থানীয় একাধিক চক্র। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল এবং পরিবেশ ও জীব-বৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছিল। পাশাপাশি নদী ভাঙনও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছিল।
এদিকে, প্রশাসনের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, অবৈধভাবে নদী কেটে পাথর উত্তোলনের কারণে প্রতিবছরই ভাঙনে শত শত পরিবার বাস্তুচ্যুত হচ্ছে। তাই এ ধরনের অভিযান নিয়মিত হওয়া দরকার।
উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরানুজ্জামান বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইনের বাইরে নয়। নদী রক্ষায় শূণ্য সহনশীলতা নীতি অনুসরণ করা হবে।
ভোরের আকাশ/জাআ