সারিয়াকান্দিতে ৪ হাজার কৃষকের জন্য কৃষি প্রণোদনা

রবি মৌসুমে ফসলের আবাদ বাড়ানো এবং কৃষকের উৎপাদন খরচ কমাতে বগুড়ার সারিয়াকান্দিতে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে কৃষি বিভাগ।
সরিষা, চিনাবাদাম ও মসুর চাষে উৎসাহ দিতে এসব কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচিতে মোট ৪ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে সরিষা চাষে ৩ হাজার ৬৫০ জন, চিনাবাদাম চাষে ২০০ জন এবং মসুর চাষে ১৫০ জন কৃষক সহায়তা পাবেন।
কৃষি বিভাগের নির্ধারিত তালিকা অনুযায়ী, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ইউনিয়নভিত্তিক কৃষকদের মধ্যে এ প্রণোদনা বরাদ্দ দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি ৩৬০ জন করে কৃষক সহায়তা পাবেন সারিয়াকান্দি সদর ও কর্ণিবাড়ী ইউনিয়নে। অন্যদিকে নারচী ইউনিয়নে ৩৫০ জন এবং ফুলবাড়ী ও কামালপুর ইউনিয়নে ৩১০ জন করে কৃষক এ সুবিধার আওতায় থাকছেন।
প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে এক বিঘা জমিতে নির্ধারিত ফসল আবাদের জন্য বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে। এতে একদিকে কৃষকের উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং তেলবীজসহ বিভিন্ন রবি ফসলের উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে।
কৃষি সংশ্লিষ্টদের মতে, সময়মতো উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার পেলে কৃষকরা রবি মৌসুমে ফসল আবাদে আরও আগ্রহী হবেন। বিশেষ করে সরিষা ও চিনাবাদামের উৎপাদন বাড়লে ভোজ্যতেলের স্থানীয় উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ। আরও বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ আ ফ ম আছাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন প্রমুখ।
এসময় কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/রই