ভোট গণনা পর্যন্ত কেন্দ্র পাহারায় রাখবেন : রুমিন ফারহানা

ভোটের আগের দিন বিকেল থেকে শুরু করে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার তারুয়া গ্রামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।
রুমিন ফারহানা বলেন, আপনাদের ভোট আপনাদের হেফাজতে আছে কি না, সেটা খেয়াল রাখবেন। কেউ যেন ভোট কারচুপির স্বপ্নও না দেখে। পুলিশ, সেনাবাহিনী, বিজিবিসহ এলাকার সাধারণ মানুষ সবাই মিলে যেকোনো অনিয়ম প্রতিহত করবে।
তিনি বলেন, ৫ আগস্টের পর বহু মানুষের নামে মামলা হয়েছে। টাকা দিলে মামলা তুলে দেওয়ার কথা বলা হচ্ছে, আর টাকা না দিলে মামলায় নাম দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আপনারা কি আবারও এই অপশাসন চান?'
তিনি আরও বলেন, আমি কিন্তু কারো ওপর কোনো জুলুম করিনি; তাই হাঁস মার্কার বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।
জনসভায় হাঁস প্রতীকে ভোট চেয়ে রুমিন ফারহানা বলেন, হাঁস হলো সততা ও সাহসের প্রতীক। ৩০০ আসনের এমপির বিরুদ্ধে দাঁড়িয়ে সংসদে কথা বলার প্রতীক এই হাঁস। আপনার একটি ভোট অনেক মূল্যবান। আপনার ভোট আপনার, আপনার সন্তানের এবং এলাকার ভবিষ্যৎ। ভোটের আগের দিন বিকেল থেকে শুরু করে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ভোরের আকাশ/এনএস