জামালপুরে আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার

জামালপুর সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর বালুর নিচে চাপা অবস্থায় এক আইসক্রিম বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শরিফপুর ইউনিয়নের ফকিরবাড়ি বালুঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জয়নাল উদ্দিন নয়ন (৩০) সদর উপজেলার ছোট জয়রামপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত জলিল মিয়ার ছেলে এবং দীর্ঘদিন ধরে আইসক্রিম বিক্রি করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে নদীর তীরে বালুচাপা অবস্থায় একটি মরদেহ দেখতে পান এলাকাবাসী। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবারের সদস্যরা জানান, তিন দিন আগে রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন নয়ন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজন ও পরিচিত বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পরিবারের সদস্যরা।
নিহতের মা জবেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলে তিন দিন ধরে নিখোঁজ ছিল। অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। সে-ই ছিল আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। এখন আমি কীভাবে বাঁচব?”
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন জানান, স্থানীয়দের তথ্য ও ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ভোরের আকাশ/ র.ই