নওগাঁয় তালাবদ্ধ গোডাউন থেকে ১৮ বস্তা সরকারি চাল জব্দ

নওগাঁর রাণীনগরে একটি তালাবদ্ধ গোডাউন থেকে ৩০ কেজি ওজনের ১৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার রেলস্টেশন মাছ বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গোডাউনে সরকারি চাল অবৈধভাবে মজুদ করে রাখার খবর পেয়ে চ্যানেল এস টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করেন। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসানকে জানানো হয়।
এ সময় অভিযোগ ওঠে, প্রশাসনকে খবর দেওয়ার বিষয়টি জানতে পেরে মামুনুর রশীদ ও তাঁর এক সহযোগী ওই সাংবাদিককে হুমকি-ধমকি দেন এবং ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলার চেষ্টা করেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোন তাদের বক্তব্য পাওয়া যায়নি।
পরে ইউএনওর নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আনিছুর রহমান ঘটনাস্থলে গিয়ে গোডাউনটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে তালা খুলে ভেতরে তল্লাশি চালিয়ে ৩০ কেজি ওজনের ১৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।
রাণীনগর উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি চাল অবৈধভাবে মজুদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, “অবৈধভাবে সরকারি চাল মজুদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
ভোরের আকাশ/এম