চাঁদপুরে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় শিশু নিহত

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে পড়তে যাওয়ার সময় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের (মাইক্রোবাস) চাপায় রাফিয়া আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিয়া আক্তার উপজেলার পাতানিশ গ্রামের বেপারি বাড়ির এমরান বেপারির মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে শিশু রাফিয়া বাড়ি থেকে মক্তবে পড়তে যাওয়ার জন্য বের হয়। এ সময় হাজীগঞ্জ-গৌরীপুর সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সন্তান হারানোর শোকে কাতর বাবা এমরান বেপারি বিলাপ করতে করতে বলেন, সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আজ আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত রাফিয়ার পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ/আ.র