পীরগঞ্জে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, গ্রেফতার-১

রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহতের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় নিহত শ্রমিক আসাদুল আকন্দের বাবা ঠান্ডা আকন্দ বাদী হয়ে নয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি পীরগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুর রহীম প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পৌর ভবনের প্রধান ফটকের ছাদ ঢালাইয়ের সময় শাটারিং ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এতে কংক্রিটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শ্রমিক আসাদুল আকন্দ (২৬) ও সিহাব মিয়া (২২) নিহত হন। এ ঘটনায় আরও চার শ্রমিক—বাবলা মিয়া (৩০), সেলিম মিয়া (৩০), নয়ন মিয়া (২৪) ও লিটন মিয়া (২৮) আহত হন।
স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের মধ্যে গুরুতর আহত দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মামলার সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের আওতায় পীরগঞ্জ পৌরসভায় প্রায় ৪ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে পৌর ভবন নির্মাণের কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ভিশন ২০২০। ২০২০ সাল থেকে ভবনটির নির্মাণকাজ চলছিল।
স্থানীয়দের অভিযোগ, ছাদ ঢালাইয়ের কাজে নিম্নমানের বাঁশ ও কাঠ ব্যবহার করে জোড়াতালি দেওয়া শাটারিং তৈরি করা হয়েছিল। এ কারণে ঢালাই চলাকালে শাটারিং ভেঙে ছাদ ধসে পড়ে। তবে এসব অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।
দুর্ঘটনার পর মঙ্গলবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য নুরুল আমিন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম ও রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ঘটনাটি তদন্তে ১৩ অক্টোবর রাতে চার সদস্যের কমিটি গঠন করেন রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুমকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রংপুরের নির্বাহী প্রকৌশলী ও পীরগঞ্জ উপজেলা প্রকৌশলী। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, নিহত শ্রমিক আসাদুলের বাবা ঠান্ডা আকন্দ নয়জনকে আসামি করে মামলা করেছেন। এজাহারভুক্ত আসামি পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রহীম প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভোরের আকাশ/সু.পা