জামালপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন

জামালপুরে স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১।
একই সঙ্গে তাকে পৃথক দুটি ধারায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া বাজার এলাকা থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সাতানি মথুরিয়া গ্রামের মাহমুদুল হাসান শাকিল নামে এক যুবক।
অপহরণের পর একাধিকবার ওই ছাত্রীকে ধর্ষণ করেন শাকিল। ৭ দিন পর ওই ছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ২০ মে জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন ভিকটিমের বাবা। ওই মামলায় দীর্ঘ শুনানী শেষে ৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের পর রোববার দুপুরে বিচারক রায় ঘোষণা করেন।
এ সময় ট্রাইব্যুনালের বিচারক মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান শাকিলকেও ৮ লাখ টাকা জরিমানা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ।
ভোরের আকাশ/রই