রূপগঞ্জে কিশোরী ধর্ষণ-নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও গুরুতর নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি অমিমুল হাসান সাদকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব-১১ ও রূপগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাঁও এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ র্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এফরান খান। গ্রেপ্তার অমিমুল হাসান সাদ পশ্চিমগাঁও এলাকার হাবিবুর রহমানের ছেলে।
র্যাব-১১ সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর দুপুরে অমিমুল হাসান সাদ ওই কিশোরীকে ফুসলিয়ে নিজ বাড়ির চারতলার একটি নির্মাণাধীন কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় কিশোরী বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ইট দিয়ে মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগ।
পরে গুরুতর আহত অবস্থায় কিশোরীকে চারতলা থেকে টেনেহিঁচড়ে নিচে এনে রাস্তায় ফেলে রেখে অভিযুক্ত পালিয়ে যায় বলে জানায় র্যাব। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ডিবিকেপি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে অমিমুল হাসান সাদকে আসামি করে রূপগঞ্জ থানায় ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মামলা করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।’
ভোরের আকাশ/সু.পা