খুলনায় ২০ ঘণ্টার ব্যবধানে দুই খুন

খুলনায় ২০ ঘণ্টার ব্যবধানে দুই ব্যক্তি খুনের শিকার হয়েছেন। এদের মধ্যে একজন তাঁতী দল নেতা, অন্যজন হত্যা, মাদকসহ আটটি মামলার আসামি।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর রায়ের মহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সৈয়দ হুমায়ুন কবির নামের তাঁতী দলের নেতা নিহত হন। তিনি তাঁতী দলের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক।
নিহতের স্বজন সৈয়দ দিদারুল আলম বিপ্লব অভিযোগ করেন, নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের ছাত্রদলের এক নেতা ও তার সহযোগীরা এ হামলা চালিয়েছেন। তার দাবি, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে হুমায়ুন কবিরকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
নিহত তাঁতী দল নেতা হুমায়ুন কবির বিগত খুলনা সিটি করপোরেশনের নির্বাচনে ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করেছিলেন। আগামী কেসিসি নির্বাচনেও একই ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার জন্য তৎপরতা শুরু করেছিলেন তিনি।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শাহজাহান আলী বলেন, ঘটনাটি খালিশপুর ও আড়ংঘাটা থানার সীমান্তবর্তী এলাকা হলেও ঘটনাস্থল আড়ংঘাটা থানা এলাকায় ঘটেছে।
তবে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলিমুর রহমানের নম্বরে কল করলেও ফোন রিসিভ করেননি তিনি।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে নগরীর লবণচরা এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল শেখ (৩৫) নামে এক যুবক নিহত হন। শহীদুল শেখের বাবার নাম মাহতাব শেখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে সড়কে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, দুর্বৃত্তদের হাতে শহীদুল ইসলাম নামের যে যুবক নিহত হন। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি হত্যা ও লবণচরা থানায় একটি মাদক মামলাসহ বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে।
তিনি বলেন, দুর্বৃত্তরা ধারালো চাপাতি দিয়ে শহিদুলের মাথায় কুপিয়ে তাকে ফেলে রেখে চলে যায়।
ওসি জানান, এলাকাটি কিছুটা নির্জন হওয়ায় হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী পাওয়া এবং ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। কারা এ হত্যাকাণ্ডে জড়িত তাদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
ভোরের আকাশ/ এনউব