চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

কক্সবাজারের চকরিয়ায় মায়ের সঙ্গে অভিমান করে আবদুল্লাহ আল নোমান (১৬) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়া পানিরছড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আবদুল্লাহ আল নোমান চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়া পানিরছড়া এলাকার প্রবাসী ফকির মোহাম্মদের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মায়ের সঙ্গে অভিমান করে কাউকে কিছু না জানিয়ে নিজ বাড়িতে গলায় ফাঁস দেয় নোমান।
তবে কী কারণে সে অভিমান করেছিল, তা এখনো সুস্পষ্টভাবে কেউ জানাতে পারেননি। পরে সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় ওয়ার্ড মেম্বার জিসান শাহরিয়ার। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, স্থানীয় ইউপি সদস্যের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক সুরতহাল শেষে মরদেহে আত্মহত্যার আলামত পাওয়া গেছে।
তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্তের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ভোরের আকাশ/নি. ব