ভারতে যাওয়ার সময় দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটক

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তাওহীদুল ইসলাম বুখারী (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে তাঁকে আটক করা হয়।
আটক মো. তাওহীদুল ইসলাম বুখারী টাঙ্গাইল জেলার আদি টাঙ্গাইল গ্রামের মো. আজাদ বুখারীর ছেলে। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একাধিক মামলা রয়েছে।
দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের সহকারী উপপরিদর্শক (এএসআই) তারেক মাহমুদ জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মো. তাওহীদুল ইসলাম বুখারী ভারত যাওয়ার উদ্দেশ্যে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমন ইমিগ্রেশন ডেস্কে উপস্থিত হন। তাঁর পাসপোর্ট নম্বর A21193139 এবং ভিসা নম্বর VN3569516।
ইমিগ্রেশন যাচাই-বাছাইয়ের সময় সন্দেহ হলে পিসিপিআর যাচাই করে তাঁর বিরুদ্ধে একাধিক মামলার তথ্য পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গার পুলিশ সুপার, দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং টাঙ্গাইল সদর থানাকে জানানো হয়।
পরে চুয়াডাঙ্গার পুলিশ সুপার এবং এসএস ইমিগ্রেশন ল্যান্ড অ্যান্ড সিপোর্টের নির্দেশনা অনুযায়ী, টাঙ্গাইল সদর থানার এফআইআর নম্বর-১৯, তারিখ ১২ মার্চ ২০২৫-এর পরিপ্রেক্ষিতে মো. তাওহীদুল ইসলাম বুখারীকে আটক করা হয়। পরে তাঁকে দর্শনা থানায় সোপর্দ করা হয়।
ভোরের আকাশ/ এনউব