কেশবপুরে ব্যবসা-প্রতিষ্ঠানে বোমা হামলা, বোমা উদ্ধার

যশোরের কেশবপুরে বিএনপি নেতা ও হাসানপুর বাজার কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম পলাশের বাড়ির সামনে একটি দোকানে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে হাসানপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে দোকানের সামনের অংশ ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের ব্যানার পুড়ে গেছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা পলাশের বাড়ির সামনে অবস্থিত ভাড়া দেওয়া দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে দোকানের প্রধান ফটক, বাইরের অংশ ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের একটি ব্যানার পুড়ে যায়। হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ একটি প্যাকেটে থাকা পেট্রোল বোমা উদ্ধার করেছে। পাশাপাশি বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করা হয়নি।
হাসানপুর বাজার কমিটির সভাপতি ও বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম পলাশ বলেন, বৃহস্পতিবার ভোরে দুর্বৃত্তরা তাঁর বাড়ির সামনে ভাড়া দেওয়া দোকানে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে দোকানের সামনের অংশ ও দলীয় ৩১ দফা বাস্তবায়নের ব্যানার পুড়ে গেছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার ভোরে নাশকতার উদ্দেশ্যে হাসানপুর বাজারে বাজার কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলামের বাড়ির সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে একটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/সু.পা