বাসাইলে গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন

টাঙ্গাইলের বাসাইলে রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত নিভিয়ে ফেলার কারণে আগুনে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাসাইল পৌরসভার স'মিল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
বাসাইল গ্রামীণ ব্যাংকের সিনিয়র অফিসার আনোয়ার হোসেন বলেন, রাত তিনটার দিকে পুলিশ ডেকে গেছে। ডাকার পরে সাড়াশব্দ না পাওয়াতে ওরা বলেছে আমরা থানার লোক—এই বলে চলে গেছে। চলে যাওয়ার পর ২০ মিনিটের মধ্যে সাড়ে তিনটার দিকে নাইট গার্ড ডাকতেছে আগুন ধরেছে। আমরা দৌড়ে এসে দেখি যে, এই দুই গেটে আগুন জ্বলতেছে; পরে আমরা পানি দিয়ে আগুন নিভাই। বাইরে বেরিয়ে দেখি পেট্রোল বোতলের মধ্যে আগুন ধরিয়েছে।
বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া বলেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা বাসাইল স'মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন দেয়। মুহূর্তের মধ্যে তা আশপাশে ছড়িয়ে পড়ে। সাথে সাথে ব্যাংকের নৈশপ্রহরী দোতলায় থাকা শাখা ব্যবস্থাপক বাবুল মিয়াকে খবর দিলে তিনিসহ অন্যরা বালি ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হন। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। আগুনে কলাপসিবল গেট ও ভবনের দরজা পুড়ে গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, রাত সাড়ে তিনটার দিকে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে দুর্বৃত্তরা আগুন দেয়। আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।
ভোরের আকাশ/রই