সিংগাইরে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

শিক্ষকতার মর্যাদা, অধিকার ও পেশাগত সুরক্ষার বার্তা নিয়ে মানিকগঞ্জের সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, সিংগাইর, মানিকগঞ্জ-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা আসমা খান। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ, প্রাথমিক শিক্ষক সমাজের সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন বিশ্বাস, অর্থবিষয়ক সম্পাদক মো. শামসুল ইসলামসহ শিক্ষক সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি একটি প্রজন্মের স্বপ্ন ও ভবিষ্যৎ নির্মাণ করেন। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকার কোনো বিকল্প নেই।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
শিক্ষকদের ঐক্য, পেশার মর্যাদা ও শিক্ষার মানোন্নয়নের প্রত্যয় নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষিকাদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
ভোরের আকাশ/আ.র