চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির ১৬ হাজার ৬০০ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা-পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার আজাইপুর পুকুরপাটান গ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আজাইপুর এলাকার মৃত বুলুর স্ত্রী মোসাঃ রাজিয়া বেগম (৪৭) ও তাঁর মেয়ে মোসাঃ রুমি বেগম (২৭) এবং একই জেলার মাঝপাড়া বালিগ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে মো. মফিজুল (৫০)।
আজ দুপুরে পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে এসআই ওমর ফারুকের নেতৃত্বে একটি দল রাজিয়া বেগমের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাঁদের কাছে থাকা ১০০ গ্রাম কথিত হেরোইন ও নগদ টাকা জব্দসহ তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
সদর মডেল থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ভোরের আকাশ/রই