সৈয়দপুরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর ডাঙাপাড়ায় এক ‘মাদক বিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২৯ আগস্ট) বিকেলে এলাকার সচেতন সর্বস্তরের জনগণের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সৈয়দপুর উপজেলা বিএনপি র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা শওকত হায়াত শাহ, কামারপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক আমিরুজ্জামান, সৈয়দপুর উপজেলা বিএনপি র সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিঃ সহ সভাপতি জাহাঙ্গীর আলমসহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধি, যুবক ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল খায়ের।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, “মাদক সমাজের সবচেয়ে বড় ব্যাধি। যুবসমাজকে রক্ষা করতে হলে পরিবার ও সমাজ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গঠন করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় ভূমিকা ও সচেতনতা অত্যন্ত জরুরি।”
সভাপতির বক্তব্যে মোঃ আবুল খায়ের উল্লেখ করেন, “মাদকের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে তরুণ ও যুবসমাজকে দূরে রাখতে এই উদ্যোগ নিয়েছি আমরা। একটি সুস্থ, সুন্দর ও অপরাধমুক্ত এলাকা গড়তে আমরা সবাই একযোগে কাজ করে যাব।”
সমাবেশে বক্তারা মাদকের অপব্যবহার ও এর ক্ষতিকর দিক তুলে ধরে নিজ নিজ এলাকাকে মাদকমুক্ত রাখার সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এলাকার জনগণের সার্বিক সহযোগিতায় সফলভাবে সমাবেশটি সম্পন্ন হয়।
ভোরের আকাশ/ এনউব