শ্রীপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে আজাদ মৃধা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (০৯ মে) সকালে উপজেলার দারিয়াপুর ইউনিয়নের মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজাদ মৃধা ওই গ্রামের মৃত তমিজ উদ্দিন মৃধার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে মহেশপুর গ্রামের পোটরা মাঠে ঘাস কাটতে যান আজাদ মৃধা।
এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান।
সেখানে অবস্থার অবনতি হলে দুপুর দেড়টার দিকে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দারিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করে জানান, মহেশপুর গ্রামে সাপের কামড়ে আজাদ মৃধা নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
ভোরের আকাশ/ র.ই