চাঁদপুরের প্রত্যেক ইউনিয়নে গড়ে তোলা হবে একটি করে পাঠাগার: জেলা প্রশাসক

চাঁদপুর জেলার প্রতিটি ইউনিয়নের একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার গড়ে তোলা হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাগার স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
সোমবার (২৬ অক্টোবর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর পাঠাগার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, ইতিমধ্যে চাঁদপুর জেলার ছয়টি ইউনিয়নে পাঠাগার গড়ে তোলা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকার বিষয়টি ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আশা করা হচ্ছে, খুব শিগগিরই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় তিনি স্থানীয় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধের সুরক্ষা, ধনাগোদা নদীতে অবৈধ ঝাঁক জাল দিয়ে মাছ শিকারসহ এলাকার বিভিন্ন সমস্যা নিয়েও কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছেংগারচর পৌরসভার পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল হক সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ্ সুফিয়ান খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেফ মাহমুদ সংগ্রাম, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজিব এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ ছেংগারচর পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব