ওষুধের দোকানের আড়ালে মাদক ব্যবসা, যুবক আটক

নীলফামারীর কিশোরগঞ্জে নেশা জাতীয় ২০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ পেয়ারুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে শহরের ফুট ভিলেজ হোটেলের সামনে থেকে তাকে আটক করা হয়। পেয়ারুল ইসলাম সদর ইউনিয়নের দক্ষিণ রাজীব মণ্ডল টারির মোকলেছুর রহমানের ছেলে।
জানা যায়, পেয়ারুল ইসলাম দীর্ঘদিন ধরে ওষুধের দোকানের আড়ালে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। আজ রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সাকিব সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ওষুধের দোকানের আড়ালে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়।
ভোরের আকাশ/এসএইচ