খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

বুধবার (২০মে )সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য এড. জাহাঙ্গীর হোসেন হেলাল। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের স্বাভাবিক পরিস্থিতি দ্রুত ফিরিয়ে আনতে এবং ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোরালো আশ্বাস দেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হঠাৎ করেই হাসপাতালের একটি অংশে আগুন লেগে যায়। মুহূর্তে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতা এবং হাসপাতাল স্টাফদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতাল পরিদর্শনে যান স্থানীয় সংসদ সদস্য। তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগী, তাদের পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন। রোগীদের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে তিনি ডাক্তার ও নার্সদের বিশেষ নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য সাংবাদিকদের বলেন:"এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। হাসপাতালকে দ্রুত পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে (রিকোভারি করতে) যা যা করা প্রয়োজন, তার সব উদ্যোগ আমরা অত্যন্ত দ্রুততার সাথে নেব। সংস্কার কাজ এবং চিকিৎসা সরঞ্জাম পুনর্বাসনে কোনো রকম ঘাটতি রাখা হবে না।"
হাসপাতাল কর্তৃপক্ষ সংসদ সদস্যের এই তাৎক্ষণিক উদ্যোগ ও পাশে দাঁড়ানোকে সাধুবাদ জানিয়েছেন। দ্রুতই হাসপাতালের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ/ এনউব